আচমকা মেট্রো বিভ্রাট, রবীন্দ্রসদন–রবীন্দ্র সরোবর অংশে পরিষেবা বন্ধ
এডমিন
ছবি: সংগৃহীত
ওয়েবডেস্ক: সপ্তাহের ব্যস্ত সকালে বিপাকে পড়লেন কলকাতার নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার আচমকা যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনের একটি বড় অংশে পরিষেবা বন্ধ হয়ে যায়। অফিস ও স্কুল টাইমে এই বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। একই সময়ে ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনমুখী একটি মেট্রো থামিয়ে যাত্রীদের নামতে বলা হয়। এরপর স্টেশনগুলিতে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
বর্তমানে ব্লু লাইনে আংশিকভাবে পরিষেবা চালু রয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলছে। তবে রবীন্দ্রসদন ও রবীন্দ্র সরোবরের মাঝের অংশে পরিষেবা বন্ধ থাকায় যাত্রাপথে বড়সড় ছেদ পড়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্রসদনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। সমস্যা পুরোপুরি মিটে না যাওয়া পর্যন্ত আংশিক পরিষেবা চালু থাকবে। কবে স্বাভাবিক পরিষেবা ফিরবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী বিকল্প পরিবহণের খোঁজে স্টেশন ছাড়েন। ফলে বিভিন্ন স্টেশনে ভিড় বাড়তে থাকে। সকালের মেট্রোতে থাকা বহু স্কুলপড়ুয়াও বিভ্রান্ত হয়ে পড়ে। অনেকেই বাস বা ট্যাক্সি ধরে কোনওরকমে স্কুলে পৌঁছোনোর চেষ্টা করে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ঘন ঘন মেট্রো পরিষেবায় গোলযোগ দেখা যাচ্ছে। বারবার এমন সমস্যায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। কবে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে, সেই প্রশ্নই এখন উঠছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



