রঘুনাথগঞ্জে ভাগীরথী থেকে উদ্ধার তৃণমূল নেত্রীর স্বামীর দেহ, খুনের অভিযোগ পরিবারের
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুর এলাকায় ভাগীরথী নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম নজির শেখ (৪৯)। তিনি লালগোলা ব্লকের তৃণমূল কংগ্রেস নেত্রী হাসেন বানু বিবির স্বামী বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নদী থেকে দেহটি উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতের বাড়ি লালগোলা থানার ফকিরপাড়া এলাকায়। পরিবারের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন।
মৃতের ছেলে নাদিম শেখ জানান, রবিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ বাড়ি থেকে বের হন নজির শেখ। তবে তাঁর সঙ্গে সাইকেল ছিল না। এরপর রাত প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ একটি সিসিটিভি ফুটেজে তাঁকে রঘুনাথগঞ্জের দিকে যেতে দেখা যায়। পরে বৈকুন্ঠপুর এলাকা থেকে খবর পেয়ে পরিবার সেখানে পৌঁছে ছবি দেখে দেহটি শনাক্ত করে।
পরিবারের অভিযোগ, নজির শেখ সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় সালিশি বৈঠক করতেন। সেই সূত্রে তাঁর শত্রু তৈরি হয়ে থাকতে পারে বলেই মনে করছে পরিবার। তাঁদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...


