রমজানকে সামনে রেখে ফলের দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি নওশাদ সিদ্দিকীর
এডমিন

ছবি: সংগৃহীত
কলকাতা: পবিত্র রমজান মাস শুরুর আগে ফলের দাম অস্বাভাবিক বৃদ্ধি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে পাঠানো চিঠিতে তিনি শহর ও গ্রামাঞ্চলে বিশেষ টাস্ক ফোর্স গঠনের আর্জি জানান।
চিঠিতে নওশাদ সিদ্দিকী উল্লেখ করেন, রমজান মাসে ইফতারের সময় ফলের চাহিদা বাড়ে। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর ফলের দাম বাড়িয়ে দেন বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির উপর চাপ বাড়ে।
বিধায়কের দাবি, কলকাতা-সহ বিভিন্ন শহরে বাজারদর নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থা থাকলেও গ্রামাঞ্চলের হাটবাজারে তেমন কড়াকড়ি দেখা যায় না। তাই গ্রামাঞ্চলেও টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত নজরদারি চালানোর আবেদন জানান তিনি।
চিঠিতে আরও বলা হয়েছে, এক মাস ধরে যেন ফলের দামে কালোবাজারি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় হতে হবে। শহর ও গ্রাম—দুই জায়গাতেই সমান নজরদারি প্রয়োজন বলে মত নওশাদ সিদ্দিকীর।
এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রমজানকে ঘিরে বাজারদর নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



