লগ্নজিতার পর স্নিগ্ধজিৎও? সরকারি মেলায় শিল্পী হেনস্থার অভিযোগে প্রশ্ন নিরাপত্তা নিয়ে
এডমিন
ছবি: সংগৃহীত
মেদিনীপুরে সরকারি মেলায় গান গাইতে এসে হেনস্থার অভিযোগে ফের বিতর্কে শিল্পীমহল। লগ্নজিতার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সেই তালিকায় নাম জুড়ল সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিকের। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে চলছে আঞ্চলিক ‘সৃষ্টিশ্রী মেলা’। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই মেলায় বুধবার রাতে গীতাঞ্জলি মুক্তমঞ্চে অনুষ্ঠান করছিলেন স্নিগ্ধজিৎ। গান পরিবেশনের মাঝেই মঞ্চের নীচে নেমে দর্শক ও অনুরাগীদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি ধাক্কা দিয়ে তাঁকে মঞ্চে ফিরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে প্রকাশ্যেই ঘটনার প্রতিবাদ করেন শিল্পী। তাঁর বক্তব্য, এই ধরনের আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
যদিও এখনও পর্যন্ত স্নিগ্ধজিতের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ফলে এই ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি রাজনৈতিক রং নেয়। ভিডিও পোস্ট করে বিজেপি প্রশ্ন তোলে, রাজ্যে শিল্পীরা আদৌ নিরাপদ কি না। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
অন্য দিকে শাসক তৃণমূলের দাবি, নিরাপত্তাজনিত কারণেই শিল্পীকে মঞ্চে ফিরে যেতে বলা হয়েছিল। উদ্যোক্তাদের বক্তব্যও একই—ধাক্কার অভিযোগ ভিত্তিহীন। তবে বিতর্ক যাই হোক, মেদিনীপুরে শিল্পীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নিরাপত্তা নিয়ে।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



