টিজারেই তুঙ্গে উন্মাদনা, কিন্তু শুটিং ঘিরে আইনি বিপাকে ‘ধুরন্ধর ২’ টিম
এডমিন

ছবি: সংগৃহীত
AjkerX ওয়েবডেস্ক : মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্বের ঝলক। “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”—এই সংলাপেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ‘হামজা আলি’ অবতারে রণবীর সিং। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনার পারদ চড়লেও, তার মধ্যেই আচমকা আইনি জটিলতায় জড়িয়ে পড়ল ছবির নির্মাতারা।
তবে বিতর্কের কেন্দ্রে সংলাপ নয়। অভিযোগ উঠেছে, শুটিং চলাকালীন বেআইনিভাবে ড্রোন ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের অত্যন্ত সংবেদনশীল ফোর্ট এলাকায় চলছে ‘ধুরন্ধর ২’-এর শুটিং। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি করা হয়েছে একটি বিশাল সেট। সেই সেটেই কখনও সঞ্জয় দত্ত, কখনও আবার ‘হামজা’ লুকে রণবীর সিংকে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে।
আর সেই সময়েই পরিচালক আদিত্য ধরের টিমের বিরুদ্ধে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগ তুলেছে মুম্বই পুলিশ। বিষয়টি সামনে আসতেই এমআরএ মার্গ থানায় লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফোর্ট এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান থাকায় সেখানে নিরাপত্তা বরাবরই কড়া। আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কঠোর বিধিনিষেধ। সেই নিয়ম ভেঙে বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার করে শুটিং করার অভিযোগে আইনি পদক্ষেপ করা হয়েছে।
পুলিশের দাবি, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মীকির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, ড্রোন শুটিংয়ের জন্য প্রশাসনের কাছ থেকে আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি।
টিজার ঘিরে যখন দর্শক উন্মাদনায় মেতেছেন, ঠিক তখনই এই ঘটনায় ‘ধুরন্ধর ২’ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...

