মুর্শিদাবাদে চমক! অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান—প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কি বদল?
এডমিন

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে আচমকাই বড় চমক। সপ্তাহের প্রথম দিনেই গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অরিজিতের প্লেব্যাক থেকে সরে যাওয়ার ঘোষণার পরই এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, সোমবার অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত স্টুডিও ‘উত্তরণ’-এ প্রায় দু’ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় প্লেব্যাক গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ। সেই ঘোষণার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বলিউডের সুরজগত অরিজিতকে ছাড়া কার্যত অচল—এমনটাই মত সংগীত মহলের।
ঠিক সেই আবহেই আমির খানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, স্টুডিও বাড়িতেই খাওয়াদাওয়ার আয়োজন ছিল। অত্যন্ত গোপনীয়ভাবে এই সাক্ষাৎ হয়—পুলিশ প্রশাসন কিংবা সাধারণ মানুষের নজর এড়িয়েই অরিজিতের বাড়িতে পৌঁছন আমির খান।
অরিজিৎ সিংয়ের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিবতলা ঘাট সংলগ্ন এলাকায়। প্রিয় ‘সোমু’-র বাড়িতে আমির খানের উপস্থিতির খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও বেরোনোর সময় ভিড়ের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন অভিনেতা।
সূত্রের দাবি, এই দীর্ঘ বৈঠকের পর অরিজিতের মন কিছুটা হলেও নরম হয়েছে। তবে প্লেব্যাক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।
এখন প্রশ্ন একটাই—আমির খানের কথায় কি বদলাবে অরিজিৎ সিংয়ের সিদ্ধান্ত? নজর গোটা দেশের।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...

