প্রশাসক নিয়োগ খারিজ, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পুনর্বহাল জঙ্গিপুরে
এডমিন
ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদ: জঙ্গিপুর পুরসভা নিয়ে দীর্ঘদিনের টানাপড়েনের অবসান ঘটাল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারের নির্দেশে ভেঙে দেওয়া জঙ্গিপুর পুরসভার নির্বাচিত বোর্ডকে পুনর্বহাল রাখার নির্দেশ দিল আদালত। ফলে প্রশাসক বসানোর সিদ্ধান্ত কার্যত খারিজ হয়ে গেল।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর West Bengal Municipal Act, 1993-এর ৪৩১(২) ধারা প্রয়োগ করে রাজ্যপাল জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ গোটা বোর্ডকে ‘অযোগ্য’ ঘোষণা করেন। একই সঙ্গে ৪৩১(৩) ধারা অনুযায়ী জঙ্গিপুরের মহকুমা শাসককে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। মামলার শুনানি শেষে আদালত জানায়, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। সেই নির্দেশেই পুরনো নির্বাচিত বোর্ডকে পুনর্বহাল করার নির্দেশ দেয় হাই কোর্ট।
রায়ের পর ফের চেয়ারম্যান পদে ফিরলেন মফিজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে সন্তোষ চৌধুরী। আদালতের নির্দেশ ঘোষণার পর পুরসভা চত্বরে দেখা যায় উচ্ছ্বাস। ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে তাঁদের স্বাগত জানান অনুগামীরা।
এদিকে, হাই কোর্টের রায়কে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলেন,
“জঙ্গিপুরে যা চলছিল, তা পুরোপুরি সার্কাস। পৌরসভার বোর্ডকে অযোগ্য বলে সরিয়ে প্রশাসক বসানো হয়েছিল। আজ আদালত পুরনো বোর্ডকে পুনর্বহাল করে প্রমাণ করে দিল—আসলে রাজ্য সরকারই অযোগ্য।”
এই রায়কে কেন্দ্র করে জঙ্গিপুরের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসক বনাম নির্বাচিত বোর্ডের এই লড়াইয়ে শেষ পর্যন্ত আদালতের রায়েই স্বস্তির শ্বাস জঙ্গিপুর পুরসভার পুরনো বোর্ডের।
খবরটি শেয়ার করুন:
এডমিন
সিনিয়র রিপোর্টার
আজকের এক্স-এর সিনিয়র রিপোর্টার। রাজনীতি, নির্বাচন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে দক্ষ।
মন্তব্য (0)
মন্তব্য লোড হচ্ছে...



